কলকাতা: কলেজে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের ওপর জুলুমবাজির অভিযোগ নিয়ে উত্তাল সময়ে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, পরের বছর থেকে আর নগদে নয়, ব্যাঙ্কের মাধ্যমে জমা করতে হবে কলেজে ভর্তির টাকা। পরশুদিন, নিজে যেখানে পড়তেন, সেই আশুতোষ কলেজে আচমকা পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি বলেন, মেধা তালিকাই কলেজে ভর্তির একমাত্র নির্ণায়ক।
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই জুলুমবাজির ঘটনার সঙ্গে বহু বহিরাগতও জড়িত। রাজ্য সরকার খুব তাড়াতাড়িই তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যেই কলেজে ভর্তির সময় নতুন পড়ুয়াদের সঙ্গে জুলুমবাজি ও তাদের থেকে চাঁদা নেওয়ার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট কলেজের ভর্তির মেধা তালিকায় নাম রয়েছে, এমন পড়ুয়াদের পার্থ চট্টোপাধ্যায় ব্যাঙ্কের মাধ্যমে কলেজে ভর্তির টাকা জমা দিতে অনুরোধ করেছেন।
“আমরা ইতিমধ্যেই কলেজগুলিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে, কাউন্সেলিং-এর প্রয়োজন নেই। কলেজে ভর্তির যে তালিকা তৈরি করা হবে, সেই তালিকা তৈরির ক্ষেত্রে একমাত্র পড়ুয়াদের মেধাই মূল বিচার্য। এছাড়া, পড়ুয়ারা চাইলে তাদের ভর্তির টাকা ব্যাঙ্কের মাধ্যমেও কলেজকে দিতে পারে”, বলেন পার্থ চট্টোপাধ্যায়।
পড়ুয়ারা ক্লাস শুরু করার পর তাদের সার্টিফিকেটগুলি পরীক্ষা করা হবে। ওই সময় সঠিক ক্রমে সার্টিফিকেট না পাওয়া গেলে তাদের অ্যাডমিশন বাতিল করে দেওয়া হবে, বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী।
আশুতোষ কলেজে গিয়ে, যারা পড়ুয়াদের থেকে ভর্তির জন্য অবৈধভাবে অর্থ চাইছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)